যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে তেড়ে আসল ইরানি জাহাজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ভূ-মধ্যসাগরে টহলরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের প্রতি ‘উসকানিমূলক’ আচরণ দেখিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড। তাদের নৌ শাখার ১১টি জাহাজ যুক্তরাষ্ট্রের নেভি ও কোস্টগার্ডের বেশ কয়েকটি যুদ্ধজাহাজের দিকে তেড়ে এসেছিল বলে দেশটির সামরিকবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এমন আচরণকে ‘বিপজ্জনক ও উত্তেজনাকর’ বলে উল্লেখ করেছে।
কয়েক বছর আগেও ভূ-মধ্যসাগরে দেশ দুটির বাহিনীর মধ্যে এমন আচরণের খবর হরহামেশা শোনা যেত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তা অনেকটাই বন্ধ রাখে ইরান-যুক্তরাষ্ট্র।
অতি সম্প্রতি দেশ দুটির মধ্যে টানাপোড়েন আরও বাড়ার মধ্যে ভূ-মধ্যসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে মেজাজ দেখাল ইরানের রেভ্যুলেশনারি গার্ডের নেভি শাখার সদস্যরা।
যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় হেলিকপ্টার নিয়ে অপারেশন পরিচালনা করার সময় তাদের ছয়টি যুদ্ধজাহাজকে তাড়া করে ইরানের জাহাজগুলো। একটা পর্যায়ে তারা যুক্তরাষ্ট্রের রণতরী ‘ইউএস কোস্ট গার্ড কাটার মাউই’ থেকে ১০ গজ দূরত্বে চলে আসে।
ইরানের জাহাজগুলোকে নানা উপায়ে বারবার হুঁশিয়ার করে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো। প্রায় এক ঘণ্টা খুব কাছে অবস্থান করার পর ইরানি জাহাজগুলো চলে যায় বলে বিবৃতিতে বলা হয়েছে।
তবে এ ব্যাপারে ইরানের সংবাদমাধ্যমে কোনো খবর আসেনি বলে জানিয়েছে আল-জাজিরা।
যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক যুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন করে অর্থনৈতিক আরোপ করে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হতে থাকে।
চলতি বছরের শুরুতে ইরানের শক্তিশালী কুদ ফোর্সের প্রধান কাসেম সুলেইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যার পর দেশ দুটির মধ্যে যুদ্ধ জড়ানোর মতো পরিস্থিতি দাঁড়ায়। এর জেরে ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলাও চালায় ইরান।




