Uncategorized
যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী একটি বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ভিআইপি পরিবহনের একটি বাস এই দুর্ঘটনার শিকার হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি বড়বাড়ি পৌঁছালে হঠাৎ আগুন লাগে। “গাড়ির ব্যাটারি থেকে ওয়্যারিংয়ে ত্রুটিজনিত কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।” খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান স্টেশন কর্মকর্তা। তিনি বলেন, বাসের অধিকাংশ সিট পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত হতেই সবাই বাস থেকে নেমে যায় বলে তিনি জানান।




