যশোর প্রতিনিধি: “মৈত্রীতে বাঁধো আজ ছিন্নপ্রীতি৷” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকল বিভেদ ভুলে বাংলার নিপীড়িত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে প্রগতিশীল, মুক্তমনা মানুষদের এক হবার আহ্বান রেখে পালিত হচ্ছে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী৷
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল নয়টায় উদীচী যশোর প্রাঙ্গনে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি সূচনা করা হয়েছে।
জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব৷
এরপর শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে যশোর কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এসময় উদীচীর শপথ পাঠ করান সংগঠনের সভাপতি৷
এছাড়া সন্ধ্যা ৬টায় টাউনহল ময়দানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷
উল্লেখ্য সাংস্কৃতিক জাগরণের প্রত্যয়ে ১৯৬৮ সালের ২৯শে অক্টোবর সত্যেন সেনের নেতৃত্বে যাত্রা শুরু করেছিলো উদীচী শিল্পীগোষ্ঠী৷ সংগ্রামমুখর সময়ে উদীচীর জন্ম, সংগ্রামের মধ্যেই উদীচীর বেড়ে ওঠা আর তাই উদীচী নিজেই এখন সংগ্রামের এক অগ্নিশিখা৷
বিভেদের মন্ত্রে টিকে থাকে যে পীড়নমূলক শাসন ও শোষণব্যবস্থা তার বিরুদ্ধে জনতাকে সংগ্রামশীল করে তুলে বিভেদের সকল কুমন্ত্রণা ছিন্ন করে সাম্য ও সৃষ্টিশীলতায় জীবন ও জগতকে জাগিয়ে তোলাই উদীচীর কাজ।
আসুন, দ্রোহের গান ও প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।
