
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ২৬ মার্চ সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাতটায় কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯ ঘটিকার কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্তে দিনব্যাপী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, খেলাধুলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই মহান স্বাধীনতা দিবসে স্মরণ করছি, যারা বুকের তাজা রক্ত দিয়ে, এদেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়নে যারা অবদান রেখে চলেছে। অনেক কষ্টার্জিত স্বাধীনতা সত্ত্বেও আমাদের মধ্যে এক ধরনের দৈন্যতা রয়েছে, যে কারণে আমরা সবকিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। দেশের সার্বভৌমত্ব রক্ষায়, উন্নত দেশ গড়তে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ রেখে কাজ করে যেতে হবে। সবাইকে সহশীল হতে হবে। তবেই আমাদের মহান মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।
এ সময়ের উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ সহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




