ম্যাককালামের সর্বকালের সেরা একাদশ

সাবেক কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম তার পছন্দের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন। রোববার নিজের এই ‘বিশ্বসেরা একাদশ’ ইউটিউবে প্রকাশ করেন সাবেক এই হার্ডহিটার।
‘বাজ’ তার সর্বকালের সেরা একাদশের অধিনায়কের দায়িত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেট গ্রেট স্যার ভিভিয়ান রিচার্ডসকে। ভিভ রিচার্ডসের দলের হয়ে ব্যাটিংয়ের গোড়াপত্তন করবেন ক্যারিবীয় দানব খ্যাত ক্রিস গেইল ও লিটল মাস্টার শচিন টেন্ডুলকার।
তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার সর্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং ও ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। মিডল অর্ডারে তাদের পর ক্রিজে আসবেন অধিনায়ক ভিভ। এরপরের দুটি স্থানে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও উইকেট রক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে।
অসি ক্রিকেটার মিচেল জনসন রয়েছে বোলিং আক্রমণের নেতৃত্বে। তার সাথে রয়েছেন ম্যাককালামের দুই স্বদেশেী ট্রেন্ট বোল্ট ও টিম সউদি। একমাত্র স্পিনার হিসেবে দলে আছেন শেন ওয়ার্ন।
দলের বোলিং আক্রমণ নিয়ে ম্যাককালাম বলেন, জনসন দীর্ঘদিন ব্যাটসম্যানদের মনে ভীতি ছড়িয়েছে। আর আমার দুই স্বদেশীর সেরাটা আমি দেখেছি যখন অধিনায়ক ছিলাম। তাই তাদের বাদ দিতে পারিনি।




