
কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। আজ কলকাতা থেকে ট্রেনটির ঢাকায় আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল করা হয়। সে কারণে কলকাতা থেকে আর ট্রেনটি ছাড়েনি।
সপ্তাহে তিনদিন চালানো হয় এই ট্রেন। মঙ্গলবার, শনিবার ও রোববার। মঙ্গলবারের ট্রেনটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধে মৈত্রী এক্সপ্রেসের আজকের যাত্রা বাতিল করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার ট্রেনটি চলবে কিনা তা এখনও জানানো হয়নি।
মৈত্রী এক্সপ্রেসের যাত্রা হঠাৎ বাতিল করায় অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে একদিন পরেই ঈদ উৎসব হওয়ায় কলকাতা বেড়াতে যাওয়া অনেকেই ঈদের আগে বাড়ি ফিরতে চান। এখন তাদেরকে পরবর্তী যাত্রার জন্যে অপেক্ষা করতে হবে। সে ক্ষেত্রে দেশে এসে ঈদ উদযাপন সম্ভব হবে না। ঈদের আগে দেশে ফিরতে চাইলে তাদের বাসে আসতে হবে। কিন্তু ঈদের ঠিক আগের দিন বাসের টিকিট পাওয়া সহজ হবে না।
গত শুক্রবার ঢাকার গুলশনে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলায় ২৮ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও আছেন। এর পরপরই দুই দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।




