মেসিকে দারুণ কথা বললেন নেইমার

শঙ্কা ছিল ছিটকে যাওয়ার। কিন্তু ইকুয়েডরকে হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। লক্ষ্য পূরণের পর দলের অধিনায়ক লায়োনেল মেসি জানালেন আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ হত অস্বাভাবিক এক ঘটনা।
কঠিন পরিস্থিতিতে হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়ার নায়কের প্রশংসায় পঞ্চমুখ নেইমার। মেসির সঙ্গে বার্সেলোনায় চার বছর খেলা ব্রাজিলিয়ান তারকাটি গত আগস্টে পিএসজি’তে যোগ দিয়েছেন। তাতে অবশ্য আর্জেন্টাইন অধিনা.কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি নেইমারের। আশঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের মূলপর্বে ওঠার পর মেসিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ওর জন্য ভালো লাগছে। এমন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমার বন্ধুও অংশ নিচ্ছে। এ জন্য আমি খবুই আনন্দিত।’
মঙ্গলবার রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জিততেই হত আর্জেন্টিনাকে। কোয়েটার প্রতিকূল পরিবেশে শুরুতে পিছিয়ে পড়ার পর মেসির ম্যাজিকে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। হ্যাটট্রিক করে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক হয়ে ওঠেন বার্সেলোনার সুপারস্টারটি। ইকুয়েডরকে হারানোর পর সাংবাদিকদের সামনে মুখ খুললেন স্বয়ং অধিনায়ক। মেসি বলেন, ‘আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ হত অস্বাভাবিক। আমাদের বিশ্বকাপে না খেলাটা হত অত্যন্ত বেদনাদায়ক। শেষ পর্যন্ত আমরা পেরেছি। আমার বিশ্বাস, আমাদের দল বদলাবে, আরও উন্নতি করবে, আরো শক্তিশালী হয়ে উঠবে।’
ম্যাচ শুরু হতে না হতেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। কিন্তু তার পরেই শুরু মেসির ম্যাজিক। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌভাগ্যবশত সবকিছুই ঠিকঠাক হয়েছে। ইকুয়েডর গোল করার পর আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছি। আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা বিশ্বকাপে উঠেছি। মূল লক্ষ্য পূরণ হওয়ায় এখন আমরা নিশ্চিন্ত।’ সেই সঙ্গে মেসি বলেন, ‘টানা তিনটি ফাইনাল খেলার পরও সমালোচনা হচ্ছিল। আজকের দিনটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা কিছু দিনের জন্য সংবাদ মাধ্যম ও জনসাধারণের থেকে দূরে ছিলাম। আমি মনে করি, এই জয় আমাদের আরও কাছাকাছি আসতে সাহায্য করবে। আমরা সবাই যদি হাতে হাত রেখে চলি, সবকিছু আরও সহজ হয়ে আসবে।’




