দিনের শুরুতে সেঞ্চুরি করেন মুমিনুল হক। এবার সেই কাতারে নাম লেখালেন মুশফিকুর রহিমও। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে কেবল শতকই হলো তার আটটি। যার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ২টি শতক।
প্রথম সেশনটা ভালোই গেল বাংলাদেশের। আগের দিন ৩ উইকেটে ২৪০ রান মাঠ ছেড়েছিল স্বাগতিকরা। আজ (২৪ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের প্রথম সেশনে মুমিনুল হক আর মুশফিকুর রহিম মিলে স্কোরটা নিয়ে যান ৩৫১’তে।
তার আগে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল হক। তিরিপানোর বলটা দারুণ শটে সীমানাছাড়া করেই হেলমেট খুলে খানিকটা উদযাপন সেরে নেন। ততক্ষণে তার ব্যক্তিগত স্কোরও স্পর্শ করে ১০০’র ঘর। ড্রেসিংরুম থেকে আসল সতীর্থদের করতালি। টেস্ট অধিনায়ক হওয়ার পর এটাই যে মুমিনুলের প্রথম শতক। আর সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থান গড়েছিল বাংলাদেশ।
আর ওপেনিংয়ে নেমে সেভাবে আলো ছড়াতে না পারলেও দেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ১১৭৫২ রান রয়েছে সাকিব আল হাসানের নামের পাশে। এছাড়া দশ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা বাংলাদেশের অন্য ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহীম, সংগ্রহ ১১৫৭৫ রান।
এ রিপোর্ট লেখার সময় মমিনুল ২১৭ বলে ১২৫ ও মুশফিক ১৭১ বলে ১১৮ রানে ব্যাট করছিলেন।




