মুন্নার জঙ্গি-সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

যশোর পুলিশে প্রকাশ করা ‘জঙ্গি তালিকায়’ এক নম্বরে থাকা কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নার জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। ঢাকায় যে প্রতিষ্ঠানে মুন্না কাজ করতেন সেখানে পুলিশি তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে রিপোর্ট পাঠানো হয় যশোরে।
রিপোর্টে মুন্নার বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে জানান যশোর কোতয়ালী থানার ওসি মোঃ ইলিয়াস হোসেন।
তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরই বিকেল সাড়ে ৫টার দিকে মুন্নাকে আদালতে পাঠানো হয় মোচলেকা জন্য।
ওসি জানান, মোচলেকা শেষে বুধবার তাকে ছেড়ে দেয়া হতে পারে।
দীর্ঘ তিন বছর নিখোঁজ থাকার পর সোমবার ভোরে নববধূসহ বাবা ও শ্বশুরপক্ষের তিন আত্মীয়সহ শহরের শঙ্করপুরের বাসায় আসেন মুন্না। পরে বেলা ১১টার দিকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিয়ে কোতয়ালী থানায় হাজির হন। থানায় হাজির হলেও পুলিশ তাকে গারদে রাখেনি। তখন থেকে, মুন্না পুলিশ হেফাজাতে রয়েছে। মুন্নার অজ্ঞাতবাস সম্বন্ধে খোঁজ-খবর নেয়া পর তাকে আদালতে পাঠায় পুলিশ। নয়া দিগন্ত




