আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মালয়েশিয়ায় নাটকীয় মোড়, আনোয়ারকে সমর্থন পাকাতানের

সাধারণ মানুষসহ রাজ কর্মকর্তাদের বড় একটি অংশ মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে চাইলেও পাকাতান হারাপান কোয়ালিশনের সব এমপি আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনে এই খবর দেওয়া হয়েছে।
সংবিধান অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন দেশটির রাজা। তার আগে তিনি সব এমপির সঙ্গে আলাদাভাবে কথা বলছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজার সঙ্গে আলাপকালে পাকাতান হারাপানের কোনো এমপি মাহাথিরের নাম বলেননি।
মাহাথির মূলত ‘ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন’ দলের নেতা ছিলেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়ান।
বছর দুই আগে আবার রাজনীতিতে ফিরে আসার সময় নিজের দলের বিপক্ষেই নির্বাচন করেন। যোগ দেন আনোয়ারের পাকাতান হারাপান কোয়ালিশনে।
মাহাথিরের আগের আমলে সমকামিতার অভিযোগে জেল খাটা এই আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুত দিয়ে মূলত ক্ষমতায় আসেন দেশটির কিংবদন্তি নেতা। কিন্তু এতদিন বাদেও ক্ষমতা হস্তান্তর করেননি তিনি। আনোয়ার গত কয়েক মাসে একাধিক বৈঠক করেছেন বিষয়টি নিয়ে।
এই পরিস্থিতিতে মাহাথিরের সমর্থকেরা আনোয়ারকে এড়িয়ে নতুন একটি জোট গড়ার চেষ্টা করছিলেন। তার ভেতরই গত সোমবার সকালে মাহাথির পদত্যাগ করেন। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button