মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার চালকসহ আরও ৮জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনের। আর আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮জনে।
শনিবার মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, নতুন আক্রান্ত ৮জনের মধ্যে রয়েছেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,তাঁর গাড়ীর চালক, মেডিক্যাল এ্যাসিসট্যান্টসহ ৬ জন এবং ঘিওর উপজেলার ২জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তা আরো জানান, ‘এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার ও ঢাকার বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১ শত ৪০ জনের দেহে।
আক্রান্তদের মধ্যে ২১জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮জন তাদের নিজ নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন। এদিকে, শুক্রবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ বছরের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ আজ (শনিবার) জানান , দৌলতপুর উপজেলার ওই ব্যক্তি ফুসফুসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (২৮ মে)সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে, তাঁর রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এনিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮জনে। নিহতদের মধ্যে ৫জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর, বলে জানান তিনি। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২জন।




