মানিকগঞ্জে বানভাসী মানুষের দূর্ভোগ বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: আরিচা পয়েন্টে যমুনার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে বানভাসী মানুষের দূর্ভোগ বেড়ে গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও ভাঙনে ঘাট বিলিন হওয়ায় উভয় ঘাটে যানজট বেড়েই চলেছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে বন্যা দূর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রদূর্ভাব দেখে দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে সোমবার বিকেলে বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে নিহালপুর-জাফরগঞ্জ, আরিচা-দাশকান্দী বাঁধের অভ্যন্তরে পানি বৃদ্ধি অব্যাহত থাকাব পুকুর-ডোবা নালায় চাষকৃত বিপুল পরিমান মাছ বেরিয়ে যাওয়ায় চাষিরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে।
বন্যায় বিভিন্ন কাঁচা-পাকা সড়ক ও বাড়ি-ঘর পানিতে ডুবে যাওয়ায় লোকজন গবাদী পশু-পাখি নিয়ে উঁচু সড়কে আশ্রয় নিচ্ছে। অধিকাংশ স্কুল-কলেজ পানিতে ডুবে যাওয়ায় ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি পর্যাপ্ত ত্রাণের অভাবে বানভাসি মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
এদিকে, পদ্মা-যমুনায় পানি কমতে শুরু করলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও ভাঙনে ঘাট বিলিন হওয়ায় উভয় ঘাটে যানজট বেড়েই চলেছে। সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে পাঁচ শতাধিক ট্রাকসহ সহস্ত্রাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে।




