Uncategorized
মানিকগঞ্জে চার মণ ইলিশ জব্দ
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলসুরা এলাকার একটি আড়ৎ থেকে চার মণ ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ইলিশগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌস জানান, ইলিশের প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে ধুলসুরা এলাকার একটি আড়তে ইলিশ বিক্রি হচ্ছিল। খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই আড়ৎ থেকে চার মণ ইলিশ জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই আড়ৎ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
জব্দকৃত ইলিশ পরে স্থানীয় পাঁচটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়।




