বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি মেম্বার নিহত

বান্দরবান প্রতিনিধি : সন্ত্রাসীদের গুলিতে বান্দরবান সদর কুহালং ইউনিয়নের এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য চাইন ছাহ্লা মারমাকে (৩৬) স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতাল নিয়ে আসেন,পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন ইউপি সদস্য চাইন ছাহ্লাকে বাকি ছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করলে ইউপি সদস্য গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনা সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।




