মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে আবারো এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আবারো পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামের সানাইল চক থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে স্থানীয় দুলাল মাঝির বাড়ির উত্তর পাশে জনৈক বদর উদ্দিনের পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল সাদা প্রিন্টের শার্ট ও লুঙ্গি। ওই মরদেহের পাশ থেকে যৌন উত্তেজক জিনসিন
ওষুধের বোতল পাওয়া গেছে। তবে তার গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে থানায় অপমুত্যু মামলা নেয়া হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। উল্লেখ্য, গত ২৭ জুন উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের একটি পাট ক্ষেত থেকে পোশাককর্মী আমির হোসেন ওরফে লালন দেওয়ানের (৩৮) লাশ উদ্ধার হয়।




