মানিকগঞ্জের সাবেক ছাত্রনেতা মোঃ হায়দার আলী মারা গেছেন

(খবর ও ছবি অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নুর ফেসবুক থেকে)
৯০এর স্বৈরাচার বিরোধী গণঅান্দোলনের আপসহীন ছাত্রনেতা, মোঃ হায়দার আলী বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
কলেজজীবনে মানিকগঞ্জের জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন তিনি। অসীম সাহস, রাজনৈতিক প্রজ্ঞা, পড়াশুনা আর গণমুখী চরিত্রের কারণে তিনি সবার শ্রদ্ধা আর ভালবাসার মানুষে পরিণত হয়েছিলেন।
জাসদ ছাত্রলীগের রাজনীতি দিয়েই মূলত তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। দীর্ঘসময় ছাত্রলীগ, জাসদের রাজনীতি শেষে ১৯৯৩ সালে আওয়ামী লীগে যোগ দেন।
তিনি ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে অসংখ্যবার জেল খেটেছেন, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন, কিন্তু আপস করেননি, রাজপথ ছাড়েন নি।
হায়দার আলী মানিকগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে নাট্যকার এবং নাট্য অভিনেতা হিসেবও খ্যাতি অর্জন করেছিলেন।
মৃত্যুকালে স্ত্রী,দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বাদ আসর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে সেওতা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।




