
সংবাদদাতা: মানিকগঞ্জের দৌলতপুরে ফিরোজা-সাইফুল ফাউন্ডেশনের আয়োজনে এ প্লাস শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও
ফিরোজা-সাইফুল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মাহমুদ উল্লাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)র পরিচালনা পরিষদের সদস্য ও বাসসের বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন,দৌলতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এই সংবর্ধনার অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই।




