গানটি ধারণে ছিল ব্যাপক আয়োজন। দৃশ্যায়নের ১০-১৫ দিন আগেই শুরু হয় মহড়া। আর দৃশ্যায়নের সময় সেটে উপস্থিত ছিল প্রায় হাজারখানেক মানুষ। এই কারণে নায়িকার কাছে ‘এক দো তিন’ স্পেশ্যাল।
মাধুরী লেখেন, থিয়েটারে সিনেমা চালুর আগে একদফা গানটি দেখতে চাইতেন দর্শকরা। গান শুরু হলেই পর্দায় টাকা ছুড়ে মারতেন তারা। ওই সময় তাকে সিনেমা চরিত্রের নামে ‘মোহিনী’ ডাকা শুরু করে দর্শক।
‘তেজাব’ মুক্তির পর মূলত গানের টানেই দর্শক সিনেমা হলে ভিড় করে। এরপর সেই জনপ্রিয়তা কাজে লাগাতে গানটির পুরুষ সংস্করণ ধারণ করা হয়। এই ধরনের ঘটনা বলিউডে আগে ঘটেনি।
মাধুরী বলেন, তিনি জানতেন না গানটি এতটা জনপ্রিয় হবে। কিন্তু কাজটা করতে পেরে খুবই ভালো লেগেছিল তার।
১৯৮৮ সালে মুক্তি পায় এন চন্দ্রা পরিচালিত ‘তেজাব’। মাধুরীর বিপরীতে ছিলেন অনিল কাপুর। ওই বছর মুক্তি পায় আমির খান-জুহি চাওলা অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত তক’। অ্যালবাম বিক্রিতে এই ছবির পরেই ছিল ‘তেজাব’।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বাগি টু’ সিনেমায় রিমেক করা হয় ‘এক দো তিন’ গানটি। বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজের পারফর্মেন্সে আইটেম নাম্বারটি সফলতা পায়।




