slider

মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী নিহত, আহত ২

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে তোফাজ্জল হোসেন (২৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফুল ইসলাম (২২) ও ফাহাদ (১৮) নামে আরো দুই তরুণ।
রোববার (১৬ অক্টোবর) কাপাসিয়া থানার এসআই সুজন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের তোফাজ্জল কাপাসিয়া থানাধীন কামারগাঁও গ্রামের আলিম উদ্দিনের ছেলে। আহত আশরাফুল একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর এবং ফাহাদ ইমান আলীর ছেলে।
নিহতের ভগ্নিপতি ইব্রাহিম হোসেন বলেন, মালয়েশিয়া প্রবাসী তোফাজ্জল শনিবার রাতে আশরাফুল ও ফাহাদকে নিয়ে বাড়ির পাশের বিলে মাছ শিকার করতে যান। মাছ ধরার সময় লতিফের জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন তোফাজ্জল। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ওই দু’জনও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় মাদরাসার ছাত্ররা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে পাশে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার এসআই সুজন তালুকদার বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে জমির মালিক আব্দুল লতিফের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় নিহতের পরিবার থানায় অভিযোগ করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button