মাছ মারাকে কেন্দ্র করে হামলায় আ’লীগ নেতাসহ আহত ৬

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে মাছ মারার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.এ লতিফসহ উভয় পক্ষের কমপক্ষ্যে ৬ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (০৩ জুলাই) সকালে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, জোকা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.এ লতিফ ও অভিযুক্ত হারুন প্রতিবেশী। এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, তাদের জমি নিয়ে পূর্ববিরোধ আছে। সোমবার সকালে লতিফ তার পুকুরের মাছ ও পুকুরে পুঁতে রাখা বাঁশ চুরির অভিযোগ এনে মারধোর করেন প্রতিবেশী
সরুপ আলীর ছেলে প্রতিবন্ধী হারুনুর রশিদ, তার দুই ছেলে মারুফ হোসেন ও আতিকুর রহমান এবং হারুনুর রশিদের ভাই নুরুল ইসলাম। অপরদিকে মাছ চুরি করে যাবার সময় হাতে নাতে ধরার দাবী করে লতিফ বলেন, চুরি করে পালিয়ে যাবার সময় হারুনুর রশিদ, তার ছেলে ও ভাইয়ের হামলার শিকার হয়েছেন তিনি, তার ভাই
লাভলু ।
হারুনুর রশিদ বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। দুই পায়ে রড ভরা। একা চলতে পারিনা। তাই সকালে ছেলেকে নিয়ে বৃষ্টির পানিতে চকে হাসঁ ছেড়ে দেয়ার জন্য যাই। হাঁস ছাড়ার পর বাড়ি ফেরার পথে আব্দুল লতিফের পুকুরে গোসল করতে নামি। এসময় আব্দুল লতিফ এগিয়ে এসে আমাদের চোর সম্বোধন করে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে আব্দুল লতিফ তার নিজস্ব লোকজন ডেকে এনে আমাকে, আমার দুই ছেলে ও ভাইকে মারধর করেন। এরপর মাছ চুরির অপবাদে তাদের বিরুদ্ধে ঘিওর থানায় চুরির অভিযোগ দায়ের করেন আব্দুল লতিফ। পুলিশের ভয়ে এখন আমরা গ্রাম ছাড়া।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়াল খান বলেন, হারুনুর রশিদ একজন প্রতিবন্ধী, তাকে প্রতিবন্ধী কার্ডও করে দিয়েছি। শুনেছি উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে আব্দুল লতিফ ও হারুনুর রশিদের দুইজনের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে জমি নিয়ে পূর্বের বিরোধ আছে বলে জানি। আমার বিশ্বাস হয়না হারুন চুরি করেছে, সে চুরি করার মত লোক না।
মারধরের শিকার নূরুল ইসলাম বলেন, আমাদের মারলেন আবার থানায় অভিযোগ করলেন। আমরা গরীব বলে কি ন্যায় বিচার পাবো না।
এ ব্যাপারে বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ লতিফ বলেন, হারুনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে আমার পুকুরে মাছ ও বাঁশ চুরি করতো। আজ সকালে হাতে নাতে ধরেছি। তখন তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার ছোট ভাই লাভলু মারাত্নক আহত হয়ে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আওয়ামীলীগ নেতা লতিফ তার প্রতিবেশী হারুনসহ কয়েকজনের নামে মাছ চুরির অভিযোগ করেছেন। হারুন প্রতিবন্ধী কি না জানিনা। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




