মহামারীকে অনেকে দুর্নীতির সুযোগ হিসেবে গ্রহণ করেছে-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথমদিনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, করোনা দুর্যোগ বিশ^ব্যাপী শোষণ ও বৈষম্যমূলক পুঁজিবাদী ব্যবস্থার চরম ব্যর্থতা, অমানবিকতা ও স্ববিরোধকে একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছে। পুঁজিবাদী ব্যবস্থা কিভাবে মানুষের স্বাস্থ্য-চিকিৎসা ও খাদ্যের অধিকারের চেয়ে মুনাফাকে বড় করে দেছে মহামারীকালে আবারও বিশ^বাসী প্রচণ্ড ক্ষোভ আর হতাশা নিয়ে তা প্রত্যক্ষ করেছে। করোনা মহামারী বাংলাদেশসহ গোটা দুনিয়ায় পুঁজিবাদী কথিত উন্নয়ন মডেলের অন্তসারশুন্যতাও তুলে ধরেছে। মুনাফা ও ভোগসর্বস্ব বিদ্যমান ব্যবস্থা বহাল থাকলে ভবিষ্যতে যে আরো প্রাণঘাতি ভাইরাসের প্রাদুর্ভাব ঘটবে সে আশঙ্কাও বাড়িয়ে তুলেছে। প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র বিনাশী তৎপরতা অব্যাহত থাকলে মানুষের অস্বিত্ব বিপন্ন হবার ঝুঁজিও বেড়ে যাবে। প্রস্তাবে গভীর উদ্বেগের সাথে বলা হয়, মহামারী মোকাবেলায় অন্তর্ভূক্তিমূলক জনসম্পৃক্ত উদ্যোগের পরিবর্তে সরকারসমূহের কর্তৃত্ববাদী শাসন আরো জোরদার হয়েছে; নাগরিকদের মত প্রকাশ ও গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করে জনবিচ্ছিন্ন ‘একলা চলো’ নীতি-কৌশল আরো জোরদার করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এই সময়কালে দুর্নীতিরও মহোৎসব দেখা যাচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার জোরে মহামারীর সময়কে অনেকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এইসব ব্যাপারে ইতিমধ্যে বাংলাদেশেও অনেকগুলো খারাপ উদাহরণ তৈরী হয়েছে। প্রস্তাবে বলা হয় বিদ্যমান কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা, বৈষম্য ও লুন্ঠন নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক নৈরাজ্যের অবসান ঘটাতে না পারলে জনগণের মুক্তি নেই।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, নির্মল বড়ুয়া মিলন, সরদার রইস উদ্দীন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ইমরান হোসেন, জুঁই চাকমা, আকরাম হোসেন, শাহীন আলম প্রমুখ।
সভার শুরুতে করোনা মহামারীকালে দেশে বিদেশে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক জানানো হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভার প্রথম অধিবেশনে করোনা দুর্যোগসহ সামগ্রিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে রিপোর্ট উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিজ্ঞপ্তি



