ঢাকার মহাখালীতে ৬ তলা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে পাঁচ তলা পর্যন্ত এক হাজার শয্যার করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হবে। এই হাসপাতালের তত্ত্বাবধান করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত এই হাসপাতালটি।
বিভিন্ন হাসপাতাল থেকে রেফার হয়ে আসা করোনা পজিটিভ সাধারণ রোগীদের এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। ভর্তি করা রোগীর অবস্থার অবনতি অথবা আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে। ডিএনসিসির মেয়র হাসপাতালের কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর এক জন ব্রিগেডিয়ার জেনারেল পদবির কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী, এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোরগ্রুপ নিয়োগ করবে। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অবশিষ্ট সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হবে। আইসোলেশন সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী কর্তৃক নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে উক্ত আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণ করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, ডিএনসিসি মার্কেটের ছয় তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০ টি আইসিইউ বেড সহ ৩০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। উক্ত হাসপাতাল হতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথোলজি ল্যাব ও আইসিইউ সহায়তা দেওয়া হবে।




