মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধানে পদার্থের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন তিন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী— রেইনার ওয়েসিস, ব্যারি বরিশ এবং কিপ থ্রোন।
মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, ‘অজানা বিশ্বের খবরাখবর জোগাড় করতে তারা সম্পূর্ণ নতুন এবং ভিন্ন পথ দেখিয়েছেন।’
১১ লাখ মার্কিন ডলার পুরস্কার মুল্যের অর্ধেক পাবেন রেইনার ওয়েসিস। বাকি অর্থ ভাগ করে নেবেন বরিশ এবং থ্রোন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির পক্ষে আরো বলা হয়েছে, মহাবিশ্ব থেকে আসা তরঙ্গ নিয়ে ভবিষ্যতে যারা কাজ করবেন তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে এই বিজ্ঞানীদের গবেষণা। মহাবিশ্ব থেকে আগত বার্তা গ্রহণ এবং বিশ্লেষণও হবে তাদের দেখানো পথেই। মহাকর্ষীয় তরঙ্গ ধরার জন্য যে লিগো গবেষণাগার রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই তিন জ্যোতির্বিজ্ঞানী।
সাধারণ আপেক্ষিকতা বোঝাতে গিয়ে এক’শ বছর আগে মহাকর্ষীয় তরঙ্গের কথা জানিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। দুই ব্ল্যাকহোল পরষ্পরের কাছে এলে ধ্বংস হয়ে যায়। যার পরিণামে সৃষ্টি হয় মহাকর্ষীয় তরঙ্গ। কিন্তু তাত্ত্বিক প্রমাণ ছাড়া এর বাস্তব অস্তিত্বই অজানা ছিল। অবশেষে ২০১৫ সালে লিগো গবেষণাগারে ধরা পড়ে এরকমই মহাকর্ষীয় তরঙ্গ। নোবেল কমিটির পক্ষে জানানো হয়েছে, ‘এদের আবিষ্কার বিশ্বকে নড়িয়ে দিয়েছে।’




