শিরোনাম

মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

সংবাদদাতা, কালিয়াকৈর(গাজীপুর) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গানম্যানের অপর এক বন্ধু গুলিবিদ্ধ হয়েছেন।
গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
মন্ত্রীর গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে। গানম্যান কিশোর ও হতাহতরা বন্ধু বলে জানা গেছে।
গুলিতে নিহত মো. শহিদ (৩০) কালিয়াকৈর থানার সীমান্তবর্তী এলাকা টাঙ্গাইলের মির্জাপুর এলাকার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের। গুলিবিদ্ধ হন একই এলাকার মো. মঈন উদ্দিন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন এবং নেশা করে বেড়াতেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেন এবং নেশা করেন।
পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিত কিংবা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করা হয়। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদ। আর মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়।
গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে গানম্যান কিশোর পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button