মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্রই সন্ত্রাসবাদ আমদানি করছে-ফিলিপিনো প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সঙ্ঘাতের জন্য বিদেশী হস্তক্ষেপকে দায়ী করে বলেছেন, যুক্তরাষ্ট্রই ‘সন্ত্রাসবাদ আমদানি’ করছে।
শুক্রবার ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় দাভাও সিটিতে ফিলিপিনো মুসলমানদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি ওই নগরীতে মেয়রের দায়িত্ব পালন করেছন ২২ বছর।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য আমেরিকায় সন্ত্রাসবাদ রফতানি করছে, বিষয়টা এমন নয়। আমেরিকাই সন্ত্রাসবাদ আমদানি করছে।’
তিনি বলেন, ইরাকের পরলোকগত সাদ্দাম হোসেন স্বৈরাচারী হলেও তিনি দেশকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন।
তিনি বলেন, ‘তারা [মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন] বলপূর্বক ইরাকে ঢুকে সাদ্দামকে হত্যা করে। এখন ইরাকের অবস্থা দেখুন। লিবিয়ায় কী হচ্ছে দেখুন। সিরিয়ায় কী হচ্ছে দেখুন।’
দক্ষিণ মিন্দানাও থেকে তিনিই ফিলিপাইনের প্রথম প্রেসিডেন্ট। তিনি ইরাকি জনগণকে ‘মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেয়ালে ধাক্কা’ দেয়া হয়েছে বলে মন্তব্য করেন।
তিনি মিন্দানাওয়ের সহিংসতাকে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতের সাথে তুলনা করেন। ওই অঞ্চলে বেশ কয়েকটি মুসলিম গ্রুপ সক্রিয় রয়েছে।
তিনি বলেন, উপনিবেশ আমলে এসব এলাকার আদিবাসী জনগণকে জোর করে খ্রিস্টান করা হয়েছিল।
সূত্র : মিডলইস্ট মনিটর




