
রাজধানী মতিঝিলের আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে এ অভিযান শুরু হয়েছে।
মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের পর বিভিন্ন ক্লাব থেকে জিনিসপত্র এ ক্লাবে এনে রাখা হয়েছে।
এছাড়া এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার (১৮ সেপ্টেম্বর) অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর দু’দিন পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে নিকেতনের নিজ কার্যালয় থেকে আটক করে র্যাব।




