sliderস্থানিয়

মঠবাড়িয়ায় সপ্তাহের ব্যবধানে জোড়া খুন, নিখোঁজ-১

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র সাত দিনের ব্যবধানে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই এলাকা থেকে আরও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

আজ রবিবার (৩১ মে) সকালে আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। নিহতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (৪০) ও একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগর (৩০)। এদিকে একই এলাকার মৃত আব্দুস সত্তার প্যাদার ছেলে ইউসুফ প্যাদা (৪২) এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। স্থানীয়রা ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার শরীরে কাদা মাখা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

অন্যদিকে, একই এলাকার সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে তার বাড়ির পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এদিকে, একই এলাকার ইউসুফ প্যাদা গত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের দাবি, তিনি গত রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

ধারাবাহিক দুই হত্যাকাণ্ডের ঘটনার পর ইউসুফ প্যাদার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, আজ সকালে একই ইউনিয়নের ভিন্ন ভিন্ন জায়গা থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে কাদামাটি মাখানো ছিল। তবে এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করা যায়নি। এছাড়াও ইউসুফ নামে একজন গতরাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে পুলিশের একটি টিম কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button