শিরোনামশীর্ষ সংবাদ

মক্কায় ৫৬টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সৌদি আরবের মক্কায় হজ পালনে আসা বাংলাদেশি হাজিদের যেন ভোগান্তির শেষ নেই। বাংলাদেশ সরকার প্রতি বছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে হজে যাওয়া বাংলাদেশি হাজিদের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করলেও কিছু বেসরকারি হজ এজেন্সির অনিয়ম ও দুর্নীতির কারণে হাজিরা হচ্ছেন প্রতারিত।
এ বছর বাংলাদেশ থেকে মা আম্বিয়া ও এম তাইব্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে হজ পালনে যাওয়া ৪১৬ জন হাজি ওই দুই এজেন্সির বিরুদ্ধে অসহযোগিতায় এবং অবহেলার অভিযোগ করেছেন। মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্যমতে এখন পর্যন্ত ৫৬টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজিরা হজ পালনে আসার আগে হজযাত্রীদের ভিসা বুকিং দেওয়ার সময় এজেন্সির মালিকরা কাবাঘরের কাছে রাখার সুব্যবস্থা, হাজিদের জন্য গাইডসহ মানসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিলেও মক্কায় পৌঁছার পর দেখা যায় ভিন্ন চিত্র। কাবাঘর থেকে পাঁচ কিলোমিটার দূরে হোটেলে রাখার আশ্বাস দিলেও এখানে পৌঁছার পর তাদের রাখা হয় ১০ কিলোমিটা দূরে।
প্রতিটি রুমে তিনজন থাকার কথা থাকলে ও তা নিয়মভঙ্গ করে গাদাগাদি করে রাখা হচ্ছে পাঁচ-ছয়জনকে। প্রতিদিন খাওয়ার পানির সমস্যাসহ নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী বাংলাদেশি হাজিরা। এ ব্যাপারে মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ৫৬টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে। একই ভাবে হজ মিশন থেকে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এটা তদন্ত করানো হচ্ছে। যদি সত্যতা পাওয়া যায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৯৫ জন বাংলাদেশি মারা গেছেন। এদিকে ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ৫৫ ফিরতি হজ ফ্লাইটে বৃহস্পতিবার পর্যন্ত ১৯ হাজার ৮৪০ জন হাজি দেশে পৌঁছেছেন।
এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button