মঈন আলির বিষাক্ত স্পিনে সিরিজ হারলো ভারত

পরিসংখ্যানের নিরিখে ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ৷ শুরুতেই টপ অর্ডার ধসে পড়ায় সাউদাম্পটন টেস্টে ভারতের হার কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল৷ তবু কোহলি-রাহানে জুটি যতক্ষণ ক্রিজে ছিল, ততক্ষণ আশায় বুক বেঁধেছিল ভারতীয় শিবির৷
ব্যক্তিগত হাফসেঞ্চুরির পর দুই সেট ব্যাটসম্যান সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের দ্বিতীয় ইনিংস৷ জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ দফায় ব্যাট করতে নামা ভারত ১৮৪ রানে অলআউট হয়ে যায়৷ ইংল্যান্ড চতুর্থ টেস্টে জয় তুলে নেয় ৬০ রানের ব্যবধানে৷ একই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে যায় ব্রিটিশরা৷
দ্বিতীয় স্পিনার হিসাবে বল করতে এসে মঈন আলি প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেছিলেন৷ দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভাঙার গুরুদায়িত্ব পালণ করেন তিনি৷ শেষ ইনিংসে ভারতের ৪ জন ব্যাটসম্যানকে ফেরত পাঠান মঈন৷




