আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভ্যাকসিন আসুক না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো-ডোনাল্ড ট্রাম্প

মহামারি করোনাভাইরাসে এখন সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো এবং আমরা এর প্রক্রিয়া শুরু করেছি।
ভ্যাকসিন তৈরির গতি বৃদ্ধির জন্য নতুন নেতৃত্বের ঘোষণা দিয়ে ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি একটা বিষয় সবাইকে স্পষ্ট করতে চাই। আর এটা খুব গুরুত্বপূর্ণও। ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো এবং আমরা এর প্রক্রিয়া শুরু করে দিয়েছি।
শুক্রবার (১৫ মে) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আরও অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি এবং ভাইরাস কিংবা ফ্লু আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে। করোনাকে সঙ্গী করেই চলার আহ্বান জানান তিনি।
ট্রাম্প বলেন, আমার ধারণা লোকেরা মাঝে মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে। অন্তত অল্প সময়ের জন্য হলেও। এটা হতে পারে জীবনের জন্য। তবে আপনাকে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
বছরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন তৈরি হবে বলে আশাবাদী ট্রাম্প। বিশেষজ্ঞরা এখনই সব সচল করার বিরোধী। তাদের দাবি, এটা হলে ভাইরাসটি আরও ব্যাপকহারে কমিউনিটিতে ছড়িয়ে পড়বে। সমালোচকরা বলছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন তাই ঝুঁকি নিয়ে হলেও সব সচল করতে চাচ্ছেন ট্রাম্প।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দেশটিতে ১৪ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮৭ হাজার ৬০০ এর বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছে তিন লাখের কিছু বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button