জাতীয়শিরোনাম

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করতে চায় গ্লোব

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ ক্লিনিক্যাল ট্রায়াল দেয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন সরকার অনুমতি দিলেই পরবর্তী কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্লোব বায়োটেকের সিইও ড. কাকন নাগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ভ্যাকসিন ‘ব্যানকোভিড’-এর সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন, এখন এটা ফেজ-১ ও ফেজ-২ ট্রায়ালের অপেক্ষায় রয়েছে। সরকারের সার্বিক সহযোগিতা ও অনুমোদন পেলে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জনগণের জন্য এই ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড-এর চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, পরিচালক আহমেদ হোসেন, শহিদ উদ্দিন আলমগীর, আবদুল্লাহ আল রশিদ, সামির আল রশিদ, গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ, সিএসও ড. নাজনীন সুলতানাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ। তিনি বলেন, গ্লোব বায়োটেক লিমিটেড-এর এই ভ্যাকসিন আবিষ্কারের ঘটনা আসলে সমগ্র বাংলাদেশের সাফল্য। আমাদের জন্য এটা একটা গর্ব করার মত ঘটনা।
বাংলাদেশের বিজ্ঞানীরাও যে বড় কিছু আবিষ্কার করে দেখাতে পারে সেটাই আমরা প্রমাণ করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ও ফার্মাসি অনুষদের ডীন অধ্যাপক ড. এসএম আবদুর রহমান, বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ডা. মজিবুর রহমান, ডা. শেখ আবদুল্লাহ আল মামুন। স্বনির্ভর বাংলাদেশ- এর চেয়ারম্যান মো. সরোয়ার আলমসহ আরোপ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
পরে গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ গ্লোব বায়োটেক লিমিটেড কর্তৃক আবিষ্কৃত কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ এর অগ্রগতি নিয়ে একটি ডকুমেন্টরি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড-এর চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, গ্লোব বায়োটেক লিমিটেড কর্তৃক আবিষ্কৃত কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘ব্যানকোভিড’-এর এনিম্যাল মডেলে নিয়ন্ত্রিত ও পূর্ণাঙ্গ প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ট্রায়ালের প্রাপ্ত তথ্য-উপাত্ত ও ভ্যাকসিনপ্রকল্পের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আমরা বিস্তারিত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করেছি।
তিনি জানান, বিশ্বে গ্লোব বায়োটেক উদ্ভাবিত এই ভ্যাকসিন ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক প্রথম ভ্যাকসিন (ব্যানকোভিড), যা করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ। দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোগের টিকা (ভ্যাকসিন) আবিষ্কার করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
তিনি আরো জানান, গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যান্সার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। জাতীয় ও আন্তর্জাতিক প্রয়োজনে ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ গবেষণার পাশাপাশি কোভিড-১৯ শনাক্তকরণ কিট, টিকা এবং ওষুধ আবিষ্কার সংক্রান্ত গবেষণা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button