ভারতে লোকসভা নির্বাচনের ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুমকি দিলেন বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজ। দেশটির উত্তর প্রদেশের সোহরামউ থানার শেষপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্যে করে এ হুমকি দেন তিনি।
বিজেপি দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাক্ষী মহারাজ বলেন, ‘আমি একজন সাধু। শাস্ত্রে লেখা আছে যে, কোনো সন্ন্যাসীর ইচ্ছাপূরণ না করলে, তিনি সব ভালো জিনিস নিয়ে চলে যান আর তার পরিবর্তে ‘পাপ’ দিয়ে যান।’ ফলে তাঁকে ভোট না দিলে উন্নাওয়ের ভোটারদের পাপিষ্ঠ হতে হবে।’
মহারাজ আরো বলেন, ‘আমি একজন সন্ন্যাসী, আপনারা আমাকে জেতালে আমি জিতব। তা না হলে মন্দিরে ভজন-কীর্তনে সময় কাটাব। কিন্তু আজ আমি এখানে এসেছি আপনাদের ভোট প্রার্থনা করতে। আমি আপনাদের দরজায় এসে ভোট ভিক্ষা করছি। কিন্তু সন্ন্যাসীকে আপনি ফিরিয়ে দিলে আপনার পরিবারের সুখ আমি ছিনিয়ে নেব এবং আপনাকে অভিশাপ দেবো।’
জনসভায় অভিশাপ দেয়ার এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশ্যে আসার পর পরেই দেশটির প্রশাসন নড়েচড়ে বসে। এরপর ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের বিধান অনুসারে সাক্ষী মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রাকেশ কুমার গুপ্তা বলেন, ‘সাক্ষী মহারাজের মন্তব্য গুরুত্বসহকারে নিয়ে তাঁর বিরুদ্ধে সোহরামউ থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তবে, এ বিষয়ে সাক্ষী মহারাজ দাবি করেন, ‘তিনি যা বলেছেন তা শাস্ত্রেই বলা আছে।’
এছাড়াও তিনি ন্যায্য কথা বলেছেন দাবি করে আরো জানান, তিনি ধন-সম্পত্তি চাননি। লোকেদের কাছে ভোট চেয়েছেন মাত্র, যার ফলে দেশবাসীর ভাগ্য পরিবর্তন হবে।




