শিক্ষাশিরোনাম

ভিপি নুরের ওপর হামলা, মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন-তূর্য আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
এর আগে গতকাল রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোঁড়াও হয়। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেন।
এ ঘটনায় রোববার রাতে এক সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
এদিকে এ হামলার ঘটনায় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশ থেকে সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ হয়ে মধুর ক্যান্টিন থেকে সিনেট ভবনের সম্মুখ দিয়ে অপরাজেয় বাংলায় আসে। তারপর প্রক্টর অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার মধুর ক্যান্টিন হয়ে রাজুতে ফিরে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button