
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাসেল রানার সঞ্চালনায় সমাবেশে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তানভীর আকন্দ, তৌহিদুজ্জামান জুয়েল, লুবনা সুলতানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ও সন্ত্রাসী কার্যক্রম এক সাথে চলতে পারে না। ভারতের এনআরসিকে কেন্দ্র করে সম্প্রতি ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে প্রতিবাদ করা হলে তাদের ওপর ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠন হামলা চালায়। মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তার।




