ভারতীয় দল থেকে চিরতরে বাদ রায়না?

ভারতীয় দলের জার্সি পিঠে চাপিয়ে ওয়ানডেতে আর কি দাপট দেখাতে পারবেন সুরেশ রায়না? মহেন্দ্র সিং ধোনির প্রিয় রায়না কি ভারতীয় দলে ফিরে আসতে পারবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল খেলার পরও এখনকার ভারতের জাতীয় দলে জায়গা হয়নি রায়নার।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও মিডল অর্ডারে নতুন মুখ খুঁজছে। আইপিএলে যারা ভালো খেলেছেন, তাদের সুযোগ দেয়া হয়েছে সিনিয়র দলে। আর যারা সুযোগ পাচ্ছেন, তারাও নিজেদের প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। চলতি বছরে ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গেছেন বিরাট কোহলি। তিনি চলতে শুরু করলে ভারতও কঠিন জয় ছিনিয়ে নিয়েছে। মাঝেমধ্যে যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি একটা দুটি ম্যাচে ভালো খেলেছেন। মোটের উপরে ভারতের মিডল অর্ডারকে ভঙ্গুরই দেখিয়েছে। আর নতুন মুখ উঠে আসায় রায়নাকে ঘিরে সংশয় তৈরি হয়েছে। রায়না কী বলছেন? তিনি কিন্তু আশাবাদী।
জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দেয়ার পরে বাঁ হাতি এই ব্যাটসম্যান বলেছিলেন, ‘‘যা খুশি আপনারা বলতে পারেন। তবে জাতীয় দলে ঢোকার জন্য আমি মরিয়া লড়াই চালাব।’’ সুরেশ রায়না বললেও তাঁ সম্ভাবনা কিন্তু খুবই কম দেখছেন ক্রিকেটপাগলরা। কারণ মিডল অর্ডার মোটামুটি পাকাই। রবীন্দ্র জাদেজা সাত নম্বরে ব্যাট করতে নামেন। ফলে রায়নার সুযোগ কমে আসছে। জাতীয় দলের দরজা খুলতে হলে রায়নাকে ঘরোয়া মরসুমে দারুণ পারফরম্যান্স দেখাতে হবে।



