খেলা

ভারতকে সহজেই হারাল বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌম্য-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার (১৬ নভেম্বর) বিকেএসপির তিন নাম্বার মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে ভারতের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরমান জাফর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। সুমন খানের বলে আউট হওয়ার আগে ৯৮ বলে ৮টি চার ও তিনটি ছক্কায় ১০৫ করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে ভিনায়ক গুপ্ত’র ব্যাট থেকে। তাতে বাংলাদেশ ইমার্জিং দলের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত।
বাংলাদেশি বোলার সুমন ১০ ওভারে ৬৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। দুটি করে উইকেট তুলে নেন তানভীর ইসলাম ও সৌম্য সরকার। এছাড়া মেহেদী হাসান ও হাসান মাহমুদ একটি করে উইকেট পান।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর রানের চাকা সচল রেখে ১৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তুলেন সৌম্য ও শান্ত। দলীয় ১৫৯ রানের মাথায় বিদায় নেওয়ার আগে সৌম্য’র ব্যাট থেকে আসে ৬৮ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। তার এই ইনিংস ৭ চার ও ৩ ছক্কায় সাজানো।
সৌম্য বিদায় নিলেও ফিফটি হাঁকানো শান্ত সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন। তবে দলীয় ২০১ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরত্বে থামে বাংলাদেশ দলের অধিনায়কের ইনিংস। তার ৮৮ বলে ৯৪ রানের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। এরপর ইয়াসির আলী ২১ রান যোগ করে বিদায় নিলেও বাকি পথে নির্বিঘ্নে পাড়ি দেন আফিফ হোসেন ও জাকির হাসান। আফিফ অপরাজিত থাকেন ৩৪ রান নিয়ে।
ভারতীয় বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন সৌরভ দুবে, সানভির সিং, সিদ্ধার্থ দেশাই ও যশ বিজয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button