বয়সের হিসাব উড়িয়ে নায়ক হয়ে গেলেন মিসবাহ

বয়সের সব হিসাব উড়িয়ে লর্ডসে আত্মপ্রকাশ করেই নায়ক হয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। বৃহস্পতিবারই প্রথমবারের মতো লর্ডসে খেলতে নেমেছিলেন। আর কেবল দুর্দান্ত সেঞ্চুরি করেই ক্ষান্ত থাকেননি, তাকে কেউ হারাতে পারেনি। ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সেই সুবাদে সিরিজে পাকিস্তানও শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার মিসবাহের বয়স ৪২ বছর ৪৭ দিন। তাতে কী? বয়সকেই বুড়ো আঙ্গুল দেখালেন। যেখানে মোহাম্মদ আমির ছিলেন আলোচনায় সেখানে এখন কেবলই মিসবাহ।
তিনিই এখন সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে টেস্ট সেঞ্চুরিয়ান। এর আগে বব সিম্পসন ১৯৭৭-৭৮ সালে ৪১ বছর ৩৫৯ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। আর পাকিস্তানিদের মধ্যে তিনি তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। তারা হলেন হানিফ মোহাম্মদ (১৮৭*) এবং জাভেদ মিয়াঁদাদ (১৫৩*)।
প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৮২ রান। দিনশেষে ১১০ রানে অপরাজিত আছেন অধিনায়ক মিসবাহ। ইংল্যান্ডের পক্ষে ওয়াকস আতঙ্ক ছড়িয়েছেন পাকিস্তান শিবিরে। ৬ উইকেটের মধ্যে চারটিই তার।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিসবাহ। মোহাম্মদ হাফিজ ব্যাট চালিয়েছেন ওয়ানডের মতোই। পরবর্তীতে শান, আজহার তাঁকেই অনুসরণ করেন। পরে ইউনিস খানের সঙ্গে জুটি করেন মিসবাহ। ৩৩ রানে বিদায় নেন ইউনিস। পরে মিসবাহকে সঙ্গ দেন আসাদ শফিক। ৭৩ রানে ওয়াকসের বলে আউট হন তিনি।
১৭৯ বল খেলে ১১০ রানে অপরাজিত আছেন মিসবাহ। ইনিংসে ছিল ১৮টি চারের মার।




