
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা অবস্থিত জনতা জুটমিলের মধ্যে পায়ুপথে হাওয়া দিয়ে শ্রমিক সজিব শরীফকে (১৩) হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৫) ফেব্রুয়ারী দিবাগত রাত ২ টার দিকে সজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তার মত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে বুধবার সকালে দাদপুর গ্রামের কয়েকশ লোক হত্যাকারীর বিচারের দাবীতে জুটমিলের সামনে জড়ো হয়ে মিছিল করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে।
ঘটনার পর থেকে হত্যাকারী রিহাদ (১৩) পলাতক রয়েছে। মৃত সজিবের বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে ও রিহাদের বাড়ি একই উপজেলার বোয়ালমারী ইউনিয়নের রামনগর গ্রামে। তারা দুজনই জনতা জুটমিলের শ্রমিক।
জানা যায় গত ২৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে জনতা জুট মিলের ছুটি হওয়ার প্রাক্কালে শ্রমিক সজিব (১৩), ও রিহাদ (১৩) হাওয়ার মেশিন দিয়ে মিলের আঙ্গিনা পরিষ্কার করছিল। এক পর্যায়ে রিহাদ (১৩) দুষ্টামি করে শ্রমিক সজিবের (১৩) পায়ু পথে হাওয়া দেয়। যার ফলে শ্রমিক সজিব অসুস্থ হয়ে পড়লে জনতা জুট মিলের দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সজিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে গত ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় অপারেশন করেন। অপারেশনের পর ওই দিন রাত ২ টার দিকে মারা যায়।
মিলের মধ্যে প্রবেশ করা সম্ভব হয়নি বলে মিল কর্তৃপক্ষের বক্তব্য দেয়া সম্ভব হলো না।
ঘটনাস্থল তদন্তকারী কর্মকর্তা জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, হত্যাকারী পলাতক থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, সজিব ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। তার লাশ শাহবাগ থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে তার বাড়িতে পাঠাবে। এখন পর্যন্ত কেউ থানা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দেয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



