
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইমাম-মোয়াজ্জিন পরিষদ বোয়ালমারী পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে দুর্নীতি ও ইমামগণের সাথে খারাপ আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার আধার কোটা সাবেক কাউন্সিলর সামাদ খানের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইমামদের সাথে খারাপ আচরণ ও দুর্ব্যবহার করেছেন সচিব মনিরুজ্জামান সিকদার।
তবে সচিব মনিরুজ্জামান সিকদার বলেন, বোয়ালমারী পৌরসভার ৬৬ মসজিদের ইমামদের নামে টাকা চেয়ে আর্থিক সাহায্যের আবেদন করেন গত মাসে মাও.হুসাইন আহমেদ। ইমামদের জন্য সরকারি কোন বরাদ্দ পৌরসভায় কখনো আসেনি। পৌরসভার ত্রাণ ফান্ড থেকে গত বছর ৬০ হাজার টাকা দেয়া হয়েছে ইমামদের। তবে তার কোন মাস্টাররোল জমা দেয়া হয়নি। এবছরও তাদেরকে ৬০ হাজার টাকার একটি চেক মাওলানা হুসাইন আহমেদের নামে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সেই চেকটি মাওলানা হোসাইন আহমেদ অফিস থেকে নিয়ে গেছেন। তাকে মাস্টাররোল দেয়ার কথা বললে তিনি ক্ষেপে যান আমার প্রতি। এ সময় আমাকে অনেক বেশি কথা বলেন। এছাড়া মাস্টাররোল না থাকলে অডিট আসলে আমরা ধরা খেয়ে যাব। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সামাদ খান, মাওলানা হুসাইন, মাওলানা আলি প্রমুখ।



