বুলবুলের কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি: বাণিজ্য সচিব
বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেছেন, সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রপ্তানিমূল্য ৪ গুণ বৃদ্ধি করায় এবং ঘুর্ণিঝড় বুলবুলের কারণে দুই-একদিন যাবৎ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারের উদ্যোগের ফলে অতিদ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, সমুদ্রপথে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মত সময় লেগে যাচ্ছে। বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশে সমুদ্রপথে রয়েছে।
এমন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপৎকালীন সমস্যা নিরসনে তড়িৎগতিতে কার্গো বিমানযোগে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব।
কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার দেশে এসে পৌঁছাবে জানিয়ে সচিব বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। টিসিবির কার্যক্রম ঢাকাসহ সারাদেশে জোরদার করা হয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তদরকি অব্যাহত রয়েছে দাবি করে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় আড়াই হাজার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



