শিক্ষাশিরোনাম

বিষয় মনোনয়ন না পেয়ে ফের সড়ক অবরোধ ৭ কলেজের ভর্তিচ্ছুদের

মেধা তালিকায় থেকেও বিষয় মনোনয়ন না পেয়ে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অবরোধকালে নীলক্ষেত মোড় দিয়ে চতুর্মুখী যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আজিমপুর, নিউমার্কেট, পলাশী বাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে গেলে জানটজটের সৃষ্টি হয়।
আন্দোলনের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেন, আমাদের যারা বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদ থেকে কলা অনুষদে পরীক্ষা দিয়েছে তাদের আসন খালি থাকা সত্ত্বেও বিভাগ দেয়া হচ্ছে না। বরং যারা বিজ্ঞান বিভাগ থেকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেননি তাদের আসন দেয়া হচ্ছে। যার ফলে পরীক্ষা দেয়া সত্ত্বেও বিজ্ঞান ও বাণিজ্য ইউনিট থেকে কলা অনুষদে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা কোনো বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না।
পরে দুপুরে শিক্ষার্থীদের ৫জন প্রতিনিধি মিলে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তিনি আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সকলকে বিভাগ ও কলেজ মনোয়ন দেয়ার আশ্বাস প্রদান করলে বিকেল ৩টায় বিক্ষোভ শেষ করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিক্ষোভকারী বায়েজিদ হোসেন বলেন, আমরা সমন্বয়কের কাছে গেলে তিনি আমাদের সাবজেক্ট পাওয়ার আশ্বাস দেন। পরে আমরা অবরোধ তুলে নেই। বায়েজিদ বলেন, যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা আবারো তীব্র আদোলন গড়ে তুলবো।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগ (ইউনিট) পরিবর্তনের পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের অনেকেই মেধা তালিকায় এগিয়ে থেকেও বিষয় পাচ্ছেন না। সর্বশেষ সাত কলেজের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও এ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়নি।
টংগী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করা মো. মাসুদ আলম বলেন, আমাদের এই নিয়ে ৫ বার নোটিশ দিলো, কিন্তু বিষয় দিলো না। যারা পরীক্ষা দেয়নি তারা বিষয় পেলো কিন্তু আমরা এখনো বিষয় পাইনি। যতক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে বিষয় দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এদিকে, শিক্ষার্থীদের শনিবারের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাবির এক বিজ্ঞপিতে জানানো হয়, যথেষ্ট আসন খালি রয়েছে এবং সবাই ভর্তি হতে পারবে। যারা কলা ও সামাজিক কিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যথাক্রমে বিজ্ঞান ও বিজনেস স্টাডিস শাখা থেকে যারা মেধা তালিকায় স্থান পেয়ে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করেছে কিন্তু কোনো ইউনিটেই (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিংবা বাণিজ্যি ইউনিট) বিষয় ও কলেজ মনোনয়ন পায়নি, তাদের সাক্ষাৎকার আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা কলেজে অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার দুপুরে একই দাবিতে এখানে নীলক্ষেত মোড় অবরোধ করে তারা। সেদিন ঢাবির সহকারী প্রক্টর ড. মুহাম্মদ মাঈনুল করিম শিক্ষার্থীদের ৫জন প্রতিনিধির নাম ও লিখিত বক্তব্য প্রক্টরের কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবি লিখিত আকারে জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয় যে, ৩০ তারিখের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা আশ্বস্ত হলে অবরোধ প্রত্যাহার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button