বিনা নোটিশে ৩০০ কর্মী ছাঁটাই করলো পাঠাও!
কোনো ধরনের নোটিশ ছাড়াই ১ দিনেই ৩০০ কর্মীকে ছাঁটাই করার অভিযোগ উঠেছে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ জুন) পাঠাওয়ের এসব কর্মীদের ছাঁটাই করা হয় বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। ছাঁটাইকৃত কর্মীদের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মীও রয়েছেন।
তিনশরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের বিষয়টি সূত্র জানালেও ছাঁটাইকৃত কর্মীর সঠিক সংখ্যাটি নিশ্চিত হওয়া যায়নি।
পাঠাওয়ের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, ছাঁটাই হওয়ার কর্মীর সংখ্যা ৩০০। মঙ্গলবার সকালে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া কর্মীরা পাঠাওয়ের বিভিন্ন বিভাগে কর্মরত। এদের মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট ম্যানেজার ও কয়েকজন ডিপার্টমেন্টাল হেডও রয়েছেন বলেও জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হয় পাঠাওয়ের এজেন্সি মাস্টহেড পিআরের সাথে। মাস্টহেড পিআর এর টিম লিডার রাকিব উদ্দিন বাংলা’কে বলেন, ‘এ বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের এখনি জানাতে পারছিনা। তবে কাল (বুধবার) কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আমরা একটি বিবৃতি দেবো।’
পাঠাওয়ের মার্কেটিং লিড সৈয়দা নাবিলা বাংলা’কে বলেন, ‘এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে কিছু জানতে চাইলে এজেন্সির কাছে লিখিত আবেদন করুন।’
বিষয়টি নিয়ে কথা বলতে ফোন করা হয়েছিলো পাঠাওয়ের সিইও হুসাইন এম ইলিয়াসকে। তবে বারবার তাকে ফোন করা হলেও তার ফোন রিসিভ হয়নি।




