বিদেশে আশ্রয় নেয়া বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িতদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে-মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোন কাজ করেননি। ওই সরকার কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কৃষির বারোটা বাজিয়ে বিএডিসিকেও বিক্রি করে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার। খালেদা জিয়া কৃষকের কথা চিন্তা না করে শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলেন। তিনি আরো বলেন, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কোন সভ্য দেশের সভ্য কাজ হতে পারে না। যে সকল দেশে বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত খুনিরা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
রোববার শিবালয় উপজেলা পরিষদ হল রুমে কৃষকলীগ আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সব্জি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা কৃষকলীগ আহবায়ক অসিউর রহমান সিকোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি, কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আরো ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু,কাজী এনায়েত হোসেন টিপু,সাংগঠনিক তায়েবুর রহমান টিপু, দফতর সম্পাদক এহতেশামুল হক ভুনু প্রমুখ।
মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার আগে শেখ হাসিনা ও রেহেনা বিদেশ থাকায় ভাগ্যক্রমে সে দিন বেঁচে যান। ‘৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ালীগের হাল ধরেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালে বলেছিলেন বাংলার কৃষককে বাঁচাতে হবে। আজ সেই বাংলা ও কৃষককে তিনি বাঁচিয়েছেন। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, আমাদের উৎপাদিত শষ্য বিদেশেও রপ্তানি হয়। পাশাপাশি কৃষিতে বিজ্ঞানের ছোঁয়াও এই সরকার দিয়েছে।
মতিয়া চৌধুরী আরোও বলেন, বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শুনেনি। অথচ, শেখ হাসিনার সরকার সকল প্রকার সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরন করছেন। দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
বক্তব্য শেষে অতিথিরা স্থানীয় দেড়শত কৃষকরে মাঝে ৪ প্রকারের সার-বীজ ও দু’হাজার গাছের চারা বিতরন করেন।




