খেলা

বিদায় দিনে ফুলের তোড়ার ‘প্রয়োজন নেই’ মাশরাফীর

বহুবার বলেছেন তিনি ‘নায়ক’ নন। বহুবার বলেছেন ক্রিকেটই একটা জীবনের সব কিছু নয়। বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের কারিগর মাশরাফী বিন মোর্ত্তজা এবার বললেন, তিনি এমন কেউ নন যাকে বিদায় দিতে ফুলের তোড়া আনার প্রয়োজন আছে!
শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাছে হারের পর সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী। সেখানে তার অবসর প্রসঙ্গ উঠলে এভাবে মন্তব্য করেন।
বিশ্বকাপের আগেও মাশরাফী ছিলেন জাতীয় দলের ‘প্রভাবশালী’ খেলোয়াড়। ফর্ম হারিয়ে সেই তিনি কয়েক মাস ধরে আড়ালে। ওদিকে আবার সংসদ সদস্য হওয়ায় মাঝেমধ্যেই সামনে আসে অবসর আলোচনা।
মাশরাফী এদিন পরিষ্কার করে বললেন জাতীয় দল নিয়ে এতটুকু আক্ষেপ নেই তার, ‘কেউ জাতীয় দল থেকে শুরু করে না। যেখানে খেলাটা শুরু করেছিলাম আমি আবার সেখানে (ঘরোয়া) ফিরে গেছি। বিপিএল খেলেছি, সামনে ঢাকা লিগ এনজয় করব। সব সময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করলেই আপনি খেলোয়াড়, সে রকম তো নয়।’
এরপর মাশরাফী বলেন, ‘এটা খুব জরুরি নয় যে, আমার নিজেকে এত গুরুত্ব দেওয়ার দরকার আছে। আমি নিজেকে এত গুরুত্ব দিইও না যে আমাকে মাঠ থেকে বিদায় দেবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন। এটা প্রয়োজনীয় না। আমি যেমন আছি ভালো আছি, এনজয় করছি খেলা। জাতীয় দল অনেক দূরের ব্যাপার।’
হাথুরুসিংহের আমলে টি-টোয়েন্টি থেকে মাশরাফীর অবসর নেওয়াকে কেন্দ্র করে বেশ জল ঘোলা হয়। সেই সময় শোনা যায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে অবসরে যেতে হয় তাকে।
এই শুক্রবার বললেন, ‘অভিমান আমার হয় না। আমি যখন টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছি অনেক কারণ আপনাদের বলেছি। আমি অভিমান-টভিমান নিয়ে চলি না। এটা একেবারেই নাই।’
মাঠ থেকে অবসর নিতে চান কি না, এমন প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘মাঠ থেকে অবসর নেব কি নেব না সেটা এখনো সিদ্ধান্ত নেইনি। যদি সেরকম অবস্থা তৈরি হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে হয়তোবা চিন্তা ভাবনা করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button