বাড়ির পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে মো. শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শরীফ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. জামরুল ইসলামের ছেলে। তাঁর সাত মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
শরীফের দুলাভাই জাকির হোসেন পাবেল বলেন, বিকেলে মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন শরীফ। সন্ধ্যার পর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে একটু দূরে একটি খেতে শরীফকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী। তাঁর চিৎকারে পরিবারসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে শরীফকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। তবে তাঁর নাম জানাতে চাননি ওসি।
বারহাট্টা সার্কেলের (মোহনগঞ্জ-বারহাট্টা) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান রোববার দুপুরে বলেন, ‘হত্যার কিছু ক্লু পেয়েছি, সেগুলো যাচাই করছি। আশা করি দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব।’




