বাশারদের হারিয়ে ফাইনালে পাইলটরা

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ালটন মাষ্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরের ফাইনালে উঠেছে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন একমি রাজশাহী মাষ্টার্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন হাবিবুল বাশারের নেতৃত্বাধীন খুলনাকে ৩ রানে হারিয়ে সবার আগে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে রাজশাহী। গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচে জয়ী হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল উত্তরবঙ্গের দলটি।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফইনালে টসের বিপরীতে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান করে একমি রাজশাহী। অধিনায়ক পাইলট ২৬ বল মোকাবেলায় দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে আহত অবসর নেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন আলমগীর কবির। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান আসে রাশেদুজ্জামানের ব্যাট থেকে। আলমগীর ও রাশেদ উভয়েই নিয়াজ মোর্শেদ পল্টুর শিকারে পরিণত হন। এছাড়া শফিউদ্দিন বাবুও শিকার করেন ২ উইকেট।
জয়ের জন্য ৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৯ করতে সক্ষম হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক সুমনের দল। পল্টু ১৪ এবং সুমন, হাসানুজ্জামান ও সঞ্জয় চক্রবর্তী তিন জনেই ১২ করে রান করেন।
ব্যাট হাতে ১৭ এবং বল হাতে তিন ওভারে ১৩ রান দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন রাজশাহীর আলমগীর কবির।




