বার্সার অহমে লিভারপুলের চরম আঘাত

স্প্যানিশ চ্যাম্পিয়নদের অহমে বড় এক আঘাতই দিলো লিভারপুল। ইংল্যান্ডের এই জনপ্রিয় ক্লাবটির কাছে মৌসুম-পূর্ব প্রস্তুতিমূলক টুর্নামেন্টের ম্যাচে ৪-০ গোলে হেরেছেন লিওনেল মেসিরা।
চার গোলের তিনটি দিয়েছে লিভারপুল, বার্সেলোনা অন্য গোলটি হজম করেছে নিজেদের খেলোয়া জাভিয়ের মাসচেরানোর ভুলে; আত্মঘাতী খাত থেকে। সব মিলিয়ে বার্সেলোনার জন্য এই ম্যাচটি হতে পারে ‘ওয়েকআপ কল’।
ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ম্যাচের মাত্র ১৫ মিনিটে গিয়ে প্রথম গোল পেয়ে যায় তারা। এরপর ক্রমেই দুর্বল হতে থাকে বার্সেলোনার রক্ষণভাগ। আক্রমণভাগও এ দিন ছিলো নিজেদের ছায়া হয়ে।
লিওনেল মেসিকে এই ম্যাচে নিজের সামর্থ্যেই কাছাকাছিও দেখা যায়নি। বরং দলের মতো তিনিও বড্ড দৃষ্টিকটু রকমের নিষ্প্রভ।
এই গ্রীষ্মে লিভারপুলে সুযোগ পাওয়া সাইদু মানে লিভারপুলের হয়ে প্রথম গোল করেন। এরপর যুবদল হয়ে বার্সেলোনার মূল দলে জায়গা করে নিতে থাকা মুনির হাদ্দাদি গোল শোধ করে দেয়ার অসাধারণ এক সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি।
৪৭তম মিনিটে গোল বাঁচাতে গিয়ে উল্টো নিজেদের জালেই গোল দিয়ে বসেন মাসচেরানো। পরের মিনিটে দিভোক ওরিগি করেন দলের তৃতীয় গোল। ৩-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা পরের অর্ধে হজম করে আরো এক গোল।
শেষমেষ ৪-০ গোলের লজ্জাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের দলকে। যা শুধু একটা হারই নয়, বরং সামনের মৌসুমে বার্সেলোনাকে যে আরো সতর্ক হতে হবে, তারও একটা বার্তা দিয়ে দিলো।




