
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছে আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন(৫২) এবং তার ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি হাসান নিহাল(৩০)। শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় চালানো অভিযানে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আজিজনগর ক্যাম্প ইনচার্জ এসআই আহেমদ মোরশেদের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত জসিম উদ্দিন ও হাসান নিহালকে ঘিরে ফেলে আটক করা হয়।
লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তার ছেলে আধিপত্য বিস্তার করে নারী নির্যাতন, বিভিন্ন মানুষকে মারধার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে রেখেছিলেন।




