বাণিজ্যিক জালিয়াতির শীর্ষে ভারত

মার্কিন সংস্থা ক্রোলের করা একটা বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেছে, বাণিজ্যিক দুনিয়ায় জালিয়াতির ক্ষেত্রে ভারতের স্থান এখনও সারা দুনিয়ার মধ্যে শীর্ষে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে আজ সোমবার এখবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি বা ঘুষ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেফ্ট, আর্থিক তছরুপ ইত্যাদি মোট যে এগারো ধরনের জালিয়াতি নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল তার মধ্যে সাতটিতেই ভারত প্রথম স্থানে এসেছে।
ক্রোলের কমিশন করা এই বার্ষিক গ্লোবাল ফ্রড সার্ভে রিপোর্টটি তৈরি করেছে ইকোনমিক ইন্টিলিজেন্স ইউনিট। এ জন্য তারা সারা দুনিয়ার সাড়ে সাতশোরও বেশি সিনিয়র বাণিজ্যিক কর্মকর্তার মতামত নিয়েছে।
২০১৫/১৬ সালের সেই রিপোর্টেই দেখা যাচ্ছে, কর্পোরেট ফ্রড বা বাণিজ্যিক জালিয়াতির বেশির ভাগ ক্ষেত্রেই ভারতের স্থান শীর্ষে। ভারতে সেই জালিয়াতির প্রায় ২৫ শতাংশই হল সরাসরি ঘুষ।
ভারতে ক্রোলের প্রতিনিধি রশ্মি খুরানা বিবিসি বাংলাকে বলেন, ‘যে ভারতীয় কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যে ৮০ শতাংশ স্বীকার করেছেন তাদের সংস্থা জালিয়াতির শিকার হয়েছে। চার ধরনের জালিয়াতিতে – ঘুষ, অর্থ পাচার, মেধাস্বত্ত্ব চুরি করা আর কমপ্লায়েন্স – ভারতের স্কোর সবার চেয়ে খারাপ হয়েছে। ভারতে বিভিন্ন কোম্পানিকে জালিয়াতি ধরতে ও তার তদন্তে সাহায্য করতে আমাদের যে অভিজ্ঞতা হয় সেসব এই রিপোর্টের সঙ্গে মিলে যায়।’
দুর্নীতি-বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখাও মনে করছে কর্পোরেট ফ্রড এমন একটা বিষয় – যা ঘটছে জেনেও ভারত এতদিন চুপচাপ হাত গুটিয়ে থেকেছে। এর ফলে ভারত সরকার ‘মেক ইন ইন্ডিয়া’র মতো যেসব বিনিয়োগ টানার উদ্যোগ নিয়েছে তা মার খাচ্ছে।




