
মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যাকবলিত অসহায় পরিবার এবং পাহাড়ধসে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখা।
মঙ্গলবার (১৪ জুলাই) বাঘাইছড়ি চৌমুহনীস্থ শাপলা চত্বর সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বন্যাকবলিত ২০০টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি, সাম্প্রতিক বন্যাজনিত পাহাড়ধসে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর কবির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আবসার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুমসহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলীম বলেন, অতীতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দলটি প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করতে না পারলেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত ছিল। তিনি জানান, পার্বত্য অঞ্চলে বন্যাদুর্গত মানুষের সহায়তায় জামায়াতে ইসলামী শুরু থেকেই কাজ করছে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এসময় বক্তারা বাঘাইছড়ির দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথাও তুলে ধরেন। তাদের দাবি, কাচালং নদীতে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পাহাড়ি ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে দ্রুত কাচালং নদী খননের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তাদের দল কাজ করে যাবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়



